স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই গাড়িচালক কারাগারে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০১:২৭ এএম
রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় আজমেরী পরিবহনের চালক তসিকুল ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
বুধবার (২০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জিজ্ঞাসবাদের জন্য তসিকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৮ জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫) নিহত হন।
এনএফ৭১/আরএইচ/২০২১
