সংসদ চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের বাড়ি বৈধ: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২২, ০২:৩৬ এএম
লুই আইকানের নকশার বাইরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাড়ি দুটি বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্টপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হলে ২০০৩ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস নামে দুটি সংগঠন।
পরিবেশবাদী সংগঠনের রিটের শুনানি নিয়ে ২০০৪ সালের ২১ জুন স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মূল নকশার বাইরে বলে রায় দেন হাইকোর্ট। রায়ে সংসদ ভবন এলাকাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করতে ইউনোস্কোর কাছে আবেদনেরও নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
রায়ের পর শেখ মোহাম্মদ মোরশেদ জানান, হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে ওই দুটি বাসভবন বৈধ।
