বুধবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৩:৪৩ এএম

বুধবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে ভার্চুয়ালি

বুধবার (১৮ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ভার্চুয়ালি কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। নতুন করে করোনাভাইরাস বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওই সময় দেশের বিচারব্যবস্থা কার্যত বন্ধ ছিল। পরে সুপ্রিম কোর্টের অনুরোধে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য বা যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দিতে পক্ষদের উপস্থিতি নিশ্চিত করতে আদালতকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে আইন হয়। ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে আপিল বিভাগের চেম্বার আদালত ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্ত আসে। সপ্তাহে চার দিন (রবি, সোম, মঙ্গল ও বুধবার) ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এমন প্রেক্ষাপটে সোমবার ভার্চুয়াল আদালতে ফেরার ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি।

এনএফ৭১/এমএ/২০২২

 





Top