মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাষ্ট্রের অভিযোগ কল্পনাপ্রসূত: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:৫৬ এএম
মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার লঙ্ঘনের ওই অভিযোগ কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রবিবার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যেকোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
এর আগে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও রয়েছেন।
এনএফ৭১/এমএ/২০২১
