কষ্টে আছেন পরীমনি, জানালেন ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০১:৫২ এএম
"আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে?" শনিবার (২১ আগস্ট) আদালতের শুনানি শেষে আইনজীবীদের এভাবেই কষ্টের কথা জানান পরীমনি।
এসময় আইনজীবীদের তিনি আরও বলেন, 'আপনারা আমার জামিন চান। আমি তো পাগল হয়ে যাবো। আপনারা জামিন চান না কেন?'
আলোচিত অভিনেত্রী পরীমনিকে এদিনে মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আজ সকালে পরীমনিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকাল ২টা ৪৫ মিনিটে তাকে এজলাসে হাজির করা হয়।
উল্লেখ্য, রাজধানীর বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।
এনএফ৭১/২০২১
