গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ২০ মে ২০২১, ০৭:১৫ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংষর্ষে মুবিন সিকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারাশী বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুবিন সিকদার কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ফারুক শিকদারের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, মুবিন সিকদার মোটর সাইকেল গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি তারাশী বাস স্ট্যান্ডে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেল চালক মুবিন সিকদার গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মুবিনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোটালীপাড়া
