পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি, ঝুঁকির মুখে পদ্মা রেল সেতু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, পিলারের গোড়া থেকে মাটি অপসারণের ফলে সেতুর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য সামনে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, মাটি কাটার অনুমতি রয়েছে, এমন একটি কাগজ দেখিয়ে প্রভাবশালী একটি মহল সেতুর পিলারের নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে।

এ বিষয়ে ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, তারা প্রকল্পের নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ার্ক অর্ডার পেয়েছেন এবং এটি প্রকল্পের কাজের অংশ।

বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় আপাতত মাটি কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাটি কাটার সঙ্গে জড়িতরা অনুমতির কথা জানিয়েছেন। তবে পরিস্থিতি পর্যালোচনার স্বার্থে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, রেলওয়ে কখনো এ ধরনের মাটি কাটার অনুমোদন দেয় না এবং এ বিষয়ে কোনো অনুমতিও দেওয়া হয়নি।

তবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক আমিনুল করিম ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, আলীগঞ্জে পিলার নম্বর ৭৬ থেকে ৯০ পর্যন্ত প্রায় ৬০০ মিটার এলাকা আগে জলাশয় ছিল। নির্মাণকাজের সময় চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেখানে মাটি ও বালু ফেলে ভরাট করে ভায়াডাক্ট নির্মাণ করে। বর্তমানে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য ওই এলাকায় আগের অবস্থার মতো জলাশয় পুনঃখননের কাজ চলছে।

একই ঘটনায় দুই পক্ষের ভিন্ন বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে স্থানীয়দের মধ্যে সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

 

সুত্র: ইত্তেফাক



বিষয়:



Top