মধুমতী টোল প্লাজা এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০১:২৯ এএম

সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতী সেতুর টোল প্লাজা এলাকা থেকে মো. নাসির মিয়া (৪৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মধুমতী সেতুর টোল প্লাজার সার্ভিস লেনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত সরোয়ার মিয়ার ছেলে বলে জানা গেছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, টোল প্লাজা এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



বিষয়:



Top