চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:০৯ এএম

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা যায়, শনিবার গভীর রাতে আশুলিয়ার রশিদ মার্কেটসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় ঘরের ভেতর থেকে সাহায্যের আকুতি শোনা যায়। পরে দরজা ভেঙে মিজানুর রহমানকে উদ্ধার করা হয়। বিস্ফোরণের ঘটনায় ঘরের কিছু আসবাবপত্র পুড়ে যায় এবং মোবাইল ফোনের পোড়া অংশ কক্ষজুড়ে ছড়িয়ে পড়ে।

নিহতের স্বজনরা জানান, মিজানুর রহমান ঢাকায় একাই বসবাস করতেন। তিনি মা, স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসন্তানসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন মিজানুর রহমান। হঠাৎ মোবাইল বিস্ফোরিত হলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top