সৌদি কারাগারে প্রবাসীর মৃত্যু, ২৮ দিন পর কিশোরগঞ্জে ফিরল শাকিলের মরদেহ

ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০২:৪৪ এএম

সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচর এলাকার ৪নং ওয়ার্ডের সৌদি প্রবাসী শাকিল (২৮) কারাগারে মৃত্যুর ২৮ দিন পর নিজ বাড়িতে ফিরে এসেছে লাশ হয়ে। সরকারি উদ্যোগে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত ১২টার দিকে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাকিলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে ভোর ৫টার দিকে মরদেহটি নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পরিবারের দাবি, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলমের সহযোগিতায় সরকারি উদ্যোগে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে অভাব-অনটনের সংসারে সহায়তা করতে প্রায় ৪ লাখ টাকা ঋণ করে ঢাকার বনানীর আলতাব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান শাকিল।

সেখানে আকামা (কাজের অনুমতিপত্র) সংক্রান্ত জটিলতায় তিনি কর্মস্থল ত্যাগ করেন এবং পরে অবৈধভাবে কাজ করার সময় সৌদি পুলিশের হাতে আটক হন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

পরিবার জানায়, কারাগারে অবস্থানকালে শাকিল জামিন ও দেশে ফেরার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজনের কথা জানিয়েছিলেন। পরে পরিবার আত্মীয়স্বজনের মাধ্যমে ওই টাকা সৌদিতে পাঠায়।

স্বজনদের দাবি, গত ১৫ মে কারাগারে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে ধোঁয়া সৃষ্টি হলে শাকিল শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয়।

তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

শাকিলের বাবা ওমর ফারুক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন আমাদের সংসার কীভাবে চলবে জানি না।”

শাকিলের ফুফু মোছা. চায়না বেগম জানান, মৃত্যুর আগে তিনি দেশে ফেরার জন্য আইনি সহায়তার কথা বলেছিলেন এবং পরিবারের পক্ষ থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পাঠানো হয়েছিল।

শাকিলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সহায়তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।



বিষয়:



Top