‘বড় ভাইয়ের’ ফোন না ধরায় আইএসপি অফিসে হামলা, মারধর ও লুটপাট; গ্রেপ্তার ১

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:৪৫ এএম

সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কথিত এক ‘বড় ভাইয়ের’ ফোন না ধরার জেরে মুখোশধারী একদল দুর্বৃত্ত অফিসে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায় এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে গত ৯ জুন রাত ৮টা ৪৩ মিনিটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৭-৮ জন হামলাকারী অফিসে প্রবেশ করে কর্মীদের মারধর করে এবং প্রতিষ্ঠানের মালিকের কক্ষ তছনছ চালায়। এ সময় অফিসের বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ‘বড় ভাইয়ের’ ফোন না ধরার কারণ জানতে চেয়ে হিসাবরক্ষকসহ কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। পরে মালিকের কক্ষ থেকে একটি আইফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে যায়। হামলার পুরো ঘটনা ভিডিও কলে সেই কথিত ‘বড় ভাইকে’ দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ নারায়ণগঞ্জ থেকে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের ধারণা, হামলার পেছনে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ ঘটনায় কথিত ‘বড় ভাই’ টিপুকেও খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।”



বিষয়:



Top