চৈত্রের খরতাপে উত্তপ্ত হয়ে উঠছে রাজশাহী

রাজশাহী থেকে | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ০৬:৫৮ পিএম

রাজশাহীসহ আশপাশের এলাকাতে গড়ে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

বৃহস্পতিবার রাজশাহীসহ আশপাশের এলাকাতে গড়ে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি। এক সপ্তাহ ধরে রাজশাহী অঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব বেশি দৃশ্যমান হচ্ছে রাজশাহী অঞ্চলে। দিনে দিনে দেশের সবচেয়ে তাপ ও খরাপ্রবণ এলাকা হয়ে উঠছে এ অঞ্চল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও সংলগ্ন আরও কিছু এলাকায় মরুকরণ প্রক্রিয়ার সক্রিয়তা এখন দৃশ্যমান।

রাজশাহী আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী বৃহস্পতিবার রাজশাহী নগরী এলাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে নগরীর বাইরে বরেন্দ্রভূমিতে এ পরিমাণ ৩৯ থেকে ৪০ ডিগ্রি। ৩০ মার্চ রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ২৯ মার্চ ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে গিয়ে যদি ৩৮ বা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলে গণ্য করা হয়। ফলে এ পরিস্থিতিকে মৃদু তাপপ্রবাহ বলা যায়। আগামী এক সপ্তাহ এ পরিস্থিতি বিরাজ করতে পারে, যদি না বৃষ্টিপাত হয়। এরপরও যদি বৃষ্টির দেখা না মেলে তা হলে পরিস্থিতির আরও অবনতি হবে।

অত্যাধিক তাপ ও তীব্র গরমে এ অঞ্চলের জনজীবন এখন হাঁসফাঁস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অটোচালকসহ পথচারীর সংখ্যা কমে যায়। বড় সড়কগুলোতে লোকজনের চলাচলও সীমিত হয়ে যায়। দাবদাহে নদী-নালা, খাল-বিল, জলাশয় শুকিয়ে গেছে। চৈত্রের খরতাপে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী অঞ্চল।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top