লালমনিরহাট সীমান্তে আবারও বিএসএফের পুশইন চেষ্টা, ব্যর্থ করে দিল বিজিবি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম

সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৫ জুন) রাত ২টার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তসংলগ্ন ভারতের দাওয়ারিকামারী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম সদর ইউনিয়নের কালিরহাট গ্রামের ৮৫৫ নম্বর মেইন পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী ক্যাম্পের সদস্যরা তিন ভারতীয় নাগরিককে কাঁটাতারের ওপারে এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।

এ সময় কালিরহাট বিজিবি ক্যাম্পের (বিওপি) টহলরত সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত অবস্থান নেন এবং বিএসএফকে সতর্কবার্তা দেন। বিজিবির সক্রিয় উপস্থিতি ও কড়া অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

পরে বিএসএফ সদস্যরা ওই তিন ব্যক্তিকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এরপর তাদের আর সীমান্তসংলগ্ন এলাকায় দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



বিষয়:



Top