কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাগপুর সীমান্ত দিয়ে ওই ১২ জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা একত্রে তা প্রতিহত করে। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা কাঁটাতারের অপর পাশে অবস্থান করছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি মিলে তাদের প্রবেশ ঠেকিয়ে দেয়।

প্রাগপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছিল, তবে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং স্থানীয়রাও এতে সহযোগিতা করছেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top