খুলনা সিটি মেডিক্যালে ভয়াবহ আগুন, সোয়া দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ২০ মিনিটের চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালের রোগীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়। শেষ পর্যন্ত মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের নিচতলার জেনারেটর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর মুহূর্তেই রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণ ছিল বেশি। ধোঁয়ার কারণে বিভিন্ন তলায় আটকে পড়া রোগীদের স্বজনরা জানালার কাচ ভেঙে বাতাস চলাচলের ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা মই ও উদ্ধারযান ব্যবহার করে রোগী ও স্বজনদের নিচে নামিয়ে আনেন।
অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকজন রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় লোকজনও সহায়তা করেন।
হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হক বাবলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক উপকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার পর সম্মিলিত প্রচেষ্টায় রাত ১১টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতালের ভূগর্ভস্থ অংশ থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষে জানানো হবে।
আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এনএফ৭১/একে
বিষয়:
