ভাড়া নিয়ে বিরোধের জেরে ভৈরবে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার সন্ধ্যায় পৌর শহরের কমলপুর এলাকার যুবকদের সঙ্গে দুর্জয় মোড় সংলগ্ন এলাকার যুবকদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ জুন দুর্জয় মোড় এলাকায় দুই নারীকে নিয়ে আসা এক যাত্রীর সঙ্গে মাইক্রোবাস চালক পলাশের ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। সেই ঘটনার জের ধরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার বিকেল থেকে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে ব্যাপক অভিযান চালায়। পরে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে টিয়ার শেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top