ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, উদ্ধারকাজে গিয়ে রিলিফ ট্রেনও দুর্ঘটনায়
ময়মনসিংহ প্রতিনিধি | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:৫০ এএম
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ–জামালপুর রুটে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজে গিয়ে রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হলে সেটি ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় স্টেশনের কাছে আরেকটি বগি লাইনচ্যুত হয়। পরে একটি বগি আলাদা করে রেখে পুনরায় উদ্ধার কাজ চালানো হয়।
সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করা হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
যাত্রীরা জানান, দীর্ঘ সময় ট্রেনের ভেতর আটকে থাকায় গরমে ও ভোগান্তিতে পড়তে হয় তাদের। বাচ্চা ও নারী যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে ছিলেন বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে এ রুটে নিয়মিত দুর্ঘটনা, ইঞ্জিন বিকল ও লাইনচ্যুত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।
রেলওয়ে থানার এসআই পলাশ ব্যানার্জি বলেন, যাত্রী নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয় এবং উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়েছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখা হবে।
বিষয়:
