ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল তরুণের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২৪ এএম

সংগৃহীত

প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল হোসেন ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল বিকেলে ফিলিং স্টেশনের পাশে একটি আমগাছে উঠে দলের পতাকা টাঙানোর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে এক তরুণের এমন মৃত্যু এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top