জয়পুরহাট সীমান্তে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশের যৌথ টহল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:১৭ এএম

সংগৃহীত

জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশ সদস্যরাও।

সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা এবং পুশইন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে যৌথ টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলার ধলাহার, চকবরকতসহ পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন।

আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. রুহুল আমিন এবং ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে তারা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। দিনের পাশাপাশি রাতেও বিজিবির সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় টহল দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ও শূন্যরেখার কাছাকাছি কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি পুশইনের অভিযোগও উঠেছে। তবে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশের উপস্থিতি সীমান্ত এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন তারা।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। বিজিবি, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, যৌথ টহল কার্যক্রম সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top