নড়াইলে খেলতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:১৫ এএম

সংগৃহীত

নড়াইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ভাটিয়া গ্রামের মো. মাজেদুল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখতে পান।

পরে দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর এমন হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



বিষয়:



Top