বিএনপি নেতা আহত
ফকিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:১২ এএম
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দলের এক নেতা নিহত এবং বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৫)। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। তিনি একই এলাকার নুর ইসলাম মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।
নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফকিরহাট থানার পুলিশ জানায়, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিষয়:
