সদরঘাট ট্র্যাজেডিতে প্রাণ হারানো সোহেল ফকিরের ঘরে এলো পুত্রসন্তান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

সংগৃহীত

রাজধানীর সদরঘাটে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তান সোহেল ফকিরের পরিবারে এসেছে নতুন অতিথি। সোহেলের স্ত্রী সম্প্রতি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দীর্ঘদিনের শোক আর বেদনার মধ্যেও নবজাতকের আগমনে পরিবারে কিছুটা হলেও স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

গত মার্চ মাসে সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে সোহেল ফকির নিহত হন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং নিখোঁজ হন বাবা মিরাজ ফকির। পরে মিরাজ ফকিরের মরদেহও উদ্ধার করা হয়। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে সোহেলের মা, স্ত্রী ও তিন বোন।

স্বজনরা জানান, সোহেল ফকির ও তার স্ত্রী ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি ফিরছিলেন। কিন্তু সদরঘাটের সেই দুর্ঘটনা মুহূর্তেই তাদের জীবনের সব স্বপ্ন ভেঙে দেয়। তখন সোহেলের স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। দুর্ঘটনার কয়েক মাস পর সেই অনাগত সন্তানই আজ পৃথিবীর আলো দেখেছে।

নবজাতককে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ থাকলেও বারবার ফিরে আসছে একটাই আক্ষেপ—জন্মের পর বাবা দেখতে পেলেন না তার সন্তানকে, আর সন্তানও কোনোদিন দেখতে পাবে না তার বাবাকে। এই হৃদয়বিদারক বাস্তবতা পরিবার ও এলাকাবাসীকে এখনও কাঁদায়।

সোহেলের স্বজনরা বলেন, “আল্লাহ আমাদের কাছ থেকে সোহেলকে নিয়ে গেছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া স্মৃতি হিসেবে এই সন্তানকে দিয়েছেন। আমরা চাই, ছেলেটি বড় হয়ে তার বাবার স্বপ্ন পূরণ করুক।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top