আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটালেন ব্রাজিল সমর্থক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:৩০ এএম
লক্ষ্মীপুরের সদর উপজেলায় পছন্দের ফুটবল দলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ হোসেন (২০) আর্জেন্টিনা দলের সমর্থক। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগ, ব্রাজিল সমর্থক রিফাত হোসেনের হামলায় তিনি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় কয়েকজন তরুণ আর্জেন্টিনা দলের পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ব্রাজিল সমর্থকদের একটি পক্ষ এতে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় রিফাত হোসেন লাঠি দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আজাদ হোসেন বলেন, তিনি ও তার বন্ধুরা পতাকা টাঙানোর সময় বাধার মুখে পড়েন। পরে হঠাৎ তার ওপর হামলা চালানো হয়, যাতে তিনি গুরুতর আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিফাত হোসেন। তার দাবি, পতাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল, কিন্তু তিনি কাউকে মারধর করেননি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা খেলাধুলার সমর্থনকে কেন্দ্র করে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
