ধরলায় নিভে গেল দুই ভাইয়ের জীবন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৬ এএম
লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই সাওন হোসেনের মরদেহও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি এলাকার কলাখাওয়া বাশলি ঘাটে তার মরদেহ ভেসে ওঠে।
এর আগে সোমবার বিকেলে, নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর বড় ভাই সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই ভাই লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার বাসিন্দা। তারা হেলাল হোসেন ও সেলিনা বেগম দম্পতির সন্তান। সাব্বির স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং সাওন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বন্ধু মেহেদিকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামে দুই ভাই। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তাদের বাঁচাতে গিয়ে বন্ধু মেহেদিও পানিতে ডুবে যায়। তবে তীরে থাকা এক জেলে দ্রুত নদীতে নেমে মেহেদিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা, বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। টানা দুই দিনের অনুসন্ধান শেষে প্রথমে বড় ভাই সাব্বির এবং পরে ছোট ভাই সাওনের মরদেহ উদ্ধার করা হয়।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান জানান, ডুবে যাওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর কুড়িগ্রামের কাঁঠালবাড়ি কলাখাওয়া বাশলি ঘাট এলাকা থেকে সাওনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
