পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার ঘটনায় আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে নিহত ৩
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:০৮ এএম
পাবনা সদর উপজেলায় কিশোরী রিয়া খাতুন (১৫) ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে আরও একজন মারা যান।
নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন বিকেলে পদ্মা নদী থেকে কিশোরী রিয়া খাতুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দাফন শেষে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের কয়েকজন দগ্ধ হন।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। নিহত ও দগ্ধ ব্যক্তিরা মূলত প্রতিবেশী এবং ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতা ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, রিয়া খাতুন হত্যাকাণ্ডে তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়:
