চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা, পরে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১০:২৩ পিএম

সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে চাঁদা দাবির অভিযোগে এক যুবদল নেতাকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।

সোমবার সকালে ইউনিয়নের রুদ্রপুর এলাকায় টাইলস ব্যবসায়ী নূরুদ্দিন খন্দকার খোকনের জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই জমিতে বালু ভরাট ও স্থাপনা নির্মাণের কাজ চলাকালে স্থানীয়ভাবে পরিচিত যুবদল নেতা সাব্বির আহমেদ শামীম সেখানে গিয়ে কাজ বন্ধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

পরে আবারও সকালে কাজ শুরু হলে তিনি ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর জমির মালিক নূরুদ্দিন খন্দকার খোকন জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে অভিযুক্ত সাব্বির আহমেদ শামীম দাবি করেন, জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে তিনি সেখানে বাধা দিয়েছেন এবং চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, বিষয়টি সংগঠন অবগত হয়েছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জয়দেবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।



বিষয়:



Top