দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ রেজাউল করিম ওএসডি
আনারুল ইসলাম রানা | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৯:১২ পিএম
দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে দপ্তরবিহীন কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর প্রজ্ঞাপনে তাকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় সংযুক্ত (ক্লোজড) করা হয়। একই সঙ্গে তাকে মূল কর্মস্থল ঠাকুরগাঁও টিটিসিতে বহাল রেখে প্রশাসনিকভাবে দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে দেখানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন বিভিন্ন টিটিসিতে কর্মরত কর্মকর্তাদের বদলি ও সংযুক্তির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই আদেশে কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ এস. এম. মেহেদী হাসানকে কুড়িগ্রাম টিটিসির উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয় এবং তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৭ জুন ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানে চাকরি ও ঠিকাদারি কার্যক্রমে অনৈতিক লেনদেনের মাধ্যমে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।
অভিযোগের ভিত্তিতে ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এবং একজন সাবেক অতিথি শিক্ষক মোতাইব হোসেন লিখিত অভিযোগ দেন, যা পরবর্তীতে তদন্তে আসে।
তবে অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য এড়িয়ে যান বলে জানা যায়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দপ্তর ও সংস্থার প্রশাসন) আহমাদুল হক বলেন, রেজাউল করিমকে মূলত ওএসডি করা হয়েছে এবং তার কোনো প্রশাসনিক দায়িত্ব নেই। অভিযোগের বিষয়ে মন্ত্রী দেশে ফিরলে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিষয়:
