ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কনেপক্ষের আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাসিন্দা লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে খাবার পরিবেশনের সময় কয়েকজন অতিথি মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিজাউল মাতুব্বর বলেন, মাংস কম দেওয়ার অভিযোগ এবং স্থানীয় কিছু বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে কোনো বিরোধ হয়নি। সংঘর্ষের পর বর ও বরপক্ষের সদস্যরা কনের বাড়িতে আসেন এবং বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত কয়েকজন চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

এনএফ৭১/একে



বিষয়:



Top