টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ৪

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবোঝাই একটি পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সখিপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মুরগিবোঝাই পিকআপ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা পিকআপটির চালক, সহকারী চালক ও শ্রমিক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top