৭০ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১০ নারী-পুরুষকে সরিয়ে নিল বিএসএফ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০১:২৬ এএম
অবশেষে ৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে পুশইনের শিকার নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৭ জুন) দিবাগত গভীর রাতে তাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
এর ফলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে পুশইনের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার অবসান ঘটে।
সোমবার (৮ জুন) সকালে সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে কয়েক দিন ধরে ওই ১০ জন অবস্থান করছিলেন, সেখানে আর কেউ নেই। পাশাপাশি বিজিবি ও বিএসএফের অতিরিক্ত সদস্যদের উপস্থিতিও আগের মতো দেখা যায়নি। বর্তমানে উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে ফিরে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন সীমান্ত সংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকায় তারা মানবেতর জীবনযাপন করেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের কোনো আশ্রয়ের ব্যবস্থা ছিল না।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, রাত ১২টার দিকে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে দেয়। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে কাটাতারের গেট খুলে ওই ১০ জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, বিএসএফের সঙ্গে আলোচনার পর রাত আড়াইটার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।
বিষয়:
