লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০১:২৫ এএম
লালমনিরহাট জেলার প্রবীণ সাংবাদিক ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি লিয়াকত আলী (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে নিজ বাড়ি সাপটানা এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
বিষয়:
