আ. লীগ নেতা ও শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১২:২৮ এএম

সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এবং তার বোনের জানাজা নামাজে মানুষের ঢল নেমেছে।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় মাধখলা এলাকায় তাঁর নিজ বাসভবনের পাশের ইংলিশ এডুকেয়ার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

উল্লেখ্য, আনিছুর রহমান (৬৫) গতকাল রবিবার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদ্‌রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করাতেন।

সেদিনই ডায়ালাইসিসের সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকেল ৪টার দিকে তিনি মারা যান। পরে তার মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা খাতুন (৬২) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।



বিষয়:



Top