তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১২:২৬ এএম

সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচপাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান নিপু। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

পরদিন সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবির জানান, নিপু মাদকাসক্ত ছিলেন। তিনি আরও বলেন, ছেলেকে সঠিক পথে ফেরাতে তার বাবা নিজের জমি বিক্রি ও ধারদেনা করে তাকে তিনবার বিদেশেও পাঠান। তবে তিনি প্রবাসে স্থায়ী হতে পারেননি এবং কয়েক মাস পর পরই দেশে ফিরে আসতেন। ছেলের পেছনে ব্যয় করতে গিয়ে পরিবারটি বর্তমানে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে ঢাকায় বসবাস করছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



বিষয়:



Top