বন্ধুদের ঈদের সঞ্চয়ে আর্জেন্টিনার রঙে সেজেছে লঞ্চঘাট

বরিশাল প্রতিনিধি: | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১১:৪৮ পিএম

সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশে আবারও শুরু হয়েছে সমর্থকদের উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ লাগাচ্ছেন পতাকা, কেউ সাজাচ্ছেন বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। তবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তিন আর্জেন্টিনা সমর্থক।

ঈদের খরচ থেকে সঞ্চয় করা টাকা দিয়ে তারা সাজিয়েছেন পুরো উলানিয়া লঞ্চঘাট। সাদা-আকাশী নীল রঙের পতাকা, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত ঘাটটি এখন স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘মেসির ঘাট’ নামে।

জানা যায়, নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ত নৌ-বন্দর উলানিয়া লঞ্চঘাটে প্রতিদিন হাজারো যাত্রীর সমাগম ঘটে। এই ঘাট এলাকায় ব্যবসা করেন স্বজল সূত্রধর, সোহেল চৌকিদার ও সোহাগ নামের তিন বন্ধু। তারা সবাই আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক।

তিন বন্ধু জানান, গত ঈদুল আজহায় নিজেদের ব্যক্তিগত খরচ কমিয়ে প্রায় ১০ হাজার টাকা সঞ্চয় করেন। সেই অর্থ দিয়েই তৈরি করেন আর্জেন্টিনার বিশাল পতাকা, ব্যানার ও ফেস্টুন। পরে নিজেদের উদ্যোগে পুরো লঞ্চঘাটের পন্টুন ও যাত্রী ছাউনি সাজিয়ে তোলেন আর্জেন্টিনার রঙে।

উদ্যোক্তা স্বজল সূত্রধর বলেন, “মেসির খেলা দেখেই আর্জেন্টিনার প্রেমে পড়েছি। প্রিয় দলকে ভালোবেসে আমরা এই উদ্যোগ নিয়েছি। দূর থেকে যেন সবাই বুঝতে পারে এটি আর্জেন্টিনা সমর্থকদের ঘাট।”

তিনি আরও জানান, ঘাট সাজানোর পর স্থানীয় ব্রাজিল সমর্থকদের নানা মন্তব্য ও খোঁচা শুনতে হলেও বিষয়টিকে তারা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই দেখছেন।

উলানিয়া লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী বলেন, “ছেলেরা আবেগ ও ভালোবাসা থেকে ঘাটটি সাজিয়েছে। এতে ঘাটের সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি বিশ্বকাপের উন্মাদনাও ছড়িয়ে পড়েছে এলাকায়।”

বর্তমানে প্রতিদিন শত শত যাত্রী ঘাটে এসে ছবি তুলছেন। স্থানীয়দের মতে, আর্জেন্টিনা সমর্থকদের এই উদ্যোগের জবাব দিতে ব্রাজিল সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছেন। ফলে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই মেহেন্দিগঞ্জে শুরু হয়ে গেছে সমর্থকদের রঙিন লড়াই।



বিষয়:



Top