৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১১:০৩ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। বিজিবির তথ্যমতে, রাত আনুমানিক ৩টার পর বিএসএফ ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এর আগে গত ৬ জুন ভোররাতে পুশইনের চেষ্টার পর ওই ১১ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু থাকায় মানবিক সংকটের বিষয়টি স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি করে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
বিষয়:
