হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান, অভিযোগের পর সাময়িক বরখাস্ত সাইফুল

ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

সংগৃহীত

কিশোরগঞ্জের নান্দাইল এলাকায় একটি গুরুত্বপূর্ণ রেলগেটে দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে গেটম্যান সাইফুলকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনাটি ভৈরব-ময়মনসিংহ রেলপথের নান্দাইল রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ রেলগেটে ঘটে। রেলগেটটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী পারাপার হয়। এছাড়া একটি আন্তঃজেলা বাস টার্মিনাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালের রোগীদের যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের নির্ধারিত সময়ে হাজিরা খাতায় গেটম্যানের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হলে দ্রুত তদন্ত শুরু হয়। অভিযোগ রয়েছে, গেটম্যান সাইফুল নিয়মিত দায়িত্বে অবহেলা করতেন এবং প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকতেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদের ব্যস্ত সময়ে তার অনুপস্থিতির কারণে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। এ রুট দিয়ে বিজয় এক্সপ্রেসসহ বিভিন্ন দ্রুতগামী ট্রেন চলাচল করে। ফলে দায়িত্বে অবহেলা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারত।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে রেলগেটে গেটম্যানের অবহেলা ও অনুপস্থিতির কারণে অতীতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় এমন ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।

এ বিষয়ে রেলের ডিটিও ফুয়াদ হাসান আনন্দকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরবর্তীতে রেলওয়ের এডিটিও আবু রায়হান জানান, গেটম্যান সাইফুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উক্ত রেলগেটে নতুন একজন গেটম্যান নিয়োগ দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।



বিষয়:



Top