মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৪:৪৭ এএম

সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ জুন) বিকেল ৩টার পর এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম লোকমান (৪৫)। তিনি রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমান শাপলা চত্বর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তার হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে।

ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এদিকে গোয়েন্দা সূত্রগুলো বলছে, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তাদের ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাই।

গোয়েন্দারা খতিয়ে দেখছেন, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই কোনোভাবে দুর্বৃত্তদের কাছে পৌঁছেছিল কি না। পাশাপাশি হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য কি না, তাও তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।



বিষয়:



Top