কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জন আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৩:৪৯ এএম

সংগৃহীত

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকটি যানবাহনে করে আসা একদল নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে মিছিল শুরু করেন। মিছিলটি প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী হয়। স্থানীয়দের দাবি, এতে কয়েকশ ব্যক্তি অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ৪৫ জনকে আটক করে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস (হায়েস) ও দুটি বাস জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, প্রথমে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও পরে স্থান পরিবর্তন করে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় মিছিলটি করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, হঠাৎ করেই একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:



Top