হালুয়াঘাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থানে অপচেষ্টা প্রতিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৫:৩৭ এএম

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্ত এলাকায় দ্রুত অবস্থান নিয়ে এ অপচেষ্টা প্রতিহত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৬ জুন) দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের বাবুরাম বিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ৫ থেকে ৬ জন ব্যক্তিকে জড়ো করা হয়। পরে তাদের বাংলাদেশে পুশইনের পরিকল্পনা করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

খবর পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধীন হালুয়াঘাটের রামচন্দ্রকুড়া বিওপির সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে পরিকল্পনাটি সফল হয়নি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকার গ্রামবাসীদের নিয়ে নিয়মিত জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। একই সঙ্গে দালাল চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।



বিষয়:



Top