শরীয়তপুরে ফ্রি বিদেশ পাঠানোর উদ্যোগে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:২৮ এএম

সংগৃহীত

শরীয়তপুরে বিনামূল্যে বিদেশে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রম পরিচালিত হয়। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণের ঘোষণার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীদের ফরম পূরণ ও প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত বাছাই পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে মেসার্স মেটকো এন্টারপ্রাইজের একটি প্রতিনিধি দল। ২১ থেকে ৩৮ বছর বয়সী (বিশেষ ক্ষেত্রে ৪০ বছর) বেকার যুবকরা এতে অংশ নেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নড়িয়া উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং সখিপুর থানার ৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দরিদ্র পরিবারের একজন করে মোট ২১৬ জনকে নির্বাচিত করে দুবাই, সৌদি আরব ও কাতারে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ পাওয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়।

স্থানীয় পর্যায়ে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



বিষয়:



Top