পুশইন চেষ্টায় ব্যর্থ, ৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ২৮ জনকে ফেরত নিলো বিএসএফ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০১:০৪ এএম

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে দুই দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৬ জুন ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি জানান, ওই ২৮ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

এর আগে গত ৪ জুন ভোরে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করে। টানা প্রায় ৪৮ ঘণ্টা তারা রোদ, ঝড় ও বৃষ্টির মধ্যে সেখানে অবস্থান করেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।



বিষয়:



Top