কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১১:৫৮ পিএম

সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতরা হলেন কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ (৫৫) ও তার ছেলে দুলু মিয়া (২০)।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবা-ছেলে মোটরসাইকেলে করে উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি চর এলাকায় বাদাম উত্তোলনের কাজে যাচ্ছিলেন। পথে রেললাইন অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হয়েছে।



বিষয়:



Top