এক টুকরো মুরগির রোস্টে বিয়ের আসরে সংঘর্ষ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১১:৪১ পিএম

সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এ নিয়ে খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কনের মামা বাবলু আকন অভিযোগ করেন, অতিরিক্ত রোস্ট চাওয়াকে কেন্দ্র করে আলম প্যাদা উত্তেজনা সৃষ্টি করেন এবং পরে হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:



Top