পারিবারিক কলহের জেরে ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা, মোরেলগঞ্জে শোকের ছায়া
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১০:১৩ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কাঁঠালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে লিমন মোল্লা হৃদয় (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন হৃদয়। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার মতবিরোধ ও মনোমালিন্য চলছিল। ঘটনার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে আবেগঘন বক্তব্য দেন। লাইভ চলাকালীন সময়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, হৃদয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। প্রতিবেশীদের ভাষ্য, হৃদয় শান্ত স্বভাবের ছিলেন, তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
বিষয়:
