রেল কর্মচারী নয়নের বিরুদ্ধে থানায় জিডি

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিককে হত্যার হুমকি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১০:১০ পিএম

সংগৃহীত

লালমনিরহাটে দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আশাদুল ইসলাম সবুজকে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও শ্রমিকলীগ নেতা মোঃ নয়ন-এর বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক সবুজ লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক আশাদুল ইসলাম সবুজ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে দায়িত্ব পালন করছেন এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মোঃ নয়নকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১০টা ১১ মিনিটে অভিযুক্ত মোঃ নয়ন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক সবুজকে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ প্রকাশের জেরে তাকে “চিরতরে শেষ করে দেওয়ার” হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এরপর নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সাংবাদিক আশাদুল ইসলাম সবুজ লালমনিরহাট সদর থানায় উপস্থিত হয়ে জিডি (নম্বর-২৫১) দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ জানান, সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের কারণে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত অভিযুক্ত রেল কর্মচারী নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



বিষয়:



Top