টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে এসআইয়ের মেয়ের মৃত্যু

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে চলন্ত হাউসবোটের ইঞ্জিনে পড়ে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সৌমাতা সরকার নিঝুম।

তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক উপপরিদর্শকের মেয়ে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ এলাকায়।

পরিবার ও হাউসবোট সূত্রে জানা যায়, একটি হাউসবোট প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে বের হয়েছিল। এতে মালিকপক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা ছিলেন।

হাওরের পর্যবেক্ষণ টাওয়ারে ঘোরাঘুরি শেষে বিকেলে নৌযানটি সীমান্তঘেঁষা নীলাদ্রী লেকের দিকে রওনা দেয়। এ সময় শিশুটি নৌযানের পেছন দিক থেকে সামনে যাওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে ইঞ্জিন বন্ধ করে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইঞ্জিনের আঘাতে শিশুটির শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।

নৌযানের মালিক জানান, এটি ছিল তাদের প্রথম ভ্রমণ। পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণে বের হলেও এ দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার সময় শিশুটি তার মা ও বোনের সঙ্গে ছিল।

নিহতের বাবা বলেন, তার স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়ের সঙ্গে নৌভ্রমণে গিয়েছিল। এ দুর্ঘটনায় তিনি তার ছোট মেয়েকে হারিয়েছেন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভ্রমণকালে এ দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top