বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেছেন, বিএনপি অতীতের মতো আবারও আওয়ামী লীগের কৌশলের শিকার হয়েছে। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুঝুঁকির মধ্যে ফেলে রাখা হয়েছিল।

শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, যারা আজ পাশে থাকার চেষ্টা করছে, তারাই অতীতে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, খালেদা জিয়ার ওপর নির্যাতন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীর নিপীড়নের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীও নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন।

তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা ট্র্যাজেডিসহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনার বিচার ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি এখনও জনগণের মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পর যদি জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত।

জাতীয় নাগরিক পার্টির মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইশরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন আয়োজকরা।

এনএফ৭১/একে



বিষয়:



Top