কুমির সরানোর পর মাজারে মানতের মুরগি-ছাগল নিয়ে যাচ্ছেন খাদেমরা!
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৩:১৯ এএম
বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের ঐতিহাসিক দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলোচিত কুমির ‘ধলা পাহাড়’। কিন্তু কুমির না থাকলেও থেমে নেই মানতের ধারা। এখনও ভক্তরা দিঘিতে ছেড়ে দিচ্ছেন মুরগি, হাঁস ও ছাগল। আর সেসব প্রাণী সংগ্রহ করে নিয়ে যেতে দেখা যাচ্ছে মাজারের খাদেমদের।
এদিকে ‘ধলা পাহাড়’কে আবার মাজারের দিঘিতে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন মাজারের খাদেমরা। তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, কুমিরটি দীর্ঘদিন ধরে মাজারের ঐতিহ্যের অংশ ছিল। তাই এটিকে ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
অন্যদিকে, কুমির না থাকলেও মানত পূরণের উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে মানুষ এখনও মাজারে আসছেন। অনেকেই দিঘিতে মুরগি ও অন্যান্য প্রাণী ছেড়ে দিচ্ছেন। পরে সেগুলো খাদেমরা সংগ্রহ করছেন।
মোল্লাহাট উপজেলার বাসিন্দা ফরিদা বেগম বলেন, তার মানত পূরণ হওয়ায় তিনি একটি মুরগি নিয়ে এসেছিলেন। কুমির না থাকলেও মানত অনুযায়ী সেটি দিঘিতে ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ধলা পাহাড়’ বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে। এটি একটি মিঠাপানির কুমির হওয়ায় সুন্দরবনে অবমুক্ত করার কোনো পরিকল্পনা নেই। উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে কোথায় রাখা হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
এনএফ৭১/একে
বিষয়:
