বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বিএনপি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০২:২২ এএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেনের পক্ষ থেকে তাদের জন্য এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লুঙ্গি, গেঞ্জি, গামছা, মুড়ি, বিস্কুট, চানাচুর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী।

মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে—নিধু দাস, সাধন দাস ও রিপন দাসের পরিবারের পক্ষে এসব সহায়তা গ্রহণ করেন তাদের বড় ভাই সুজন দাস।

স্থানীয়দের ভাষ্য, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল তিন ভাইয়ের। তাদের অসহায় জীবনের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

প্রতিবেশী অমিত দাস জানান, তিন ভাইকে বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করতে দেখে তিনি বিষয়টি সবার নজরে আনতে উদ্যোগ নেন। পরে প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতায় বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

স্থানীয়রা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন সহযোগিতা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তারা মন্তব্য করেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top