সিসি ক্যামেরা বসিয়ে মাদক কারবার, ছাত্রদল নেতাসহ আটক ৪

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ছাত্রদলের এক নেতাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পাঁচটি নজরদারি ক্যামেরা, দুটি মুঠোফোন এবং নগদ ২৫ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন বাবু, নারী মাদক কারবারি সুমনা আক্তার, সাভার পৌর এলাকার বেদেপাড়ার তোয়া মিয়া এবং তার খালাতো ভাই।

অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ পরিধির উপ-পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তরপাড়া মণ্ডল কলোনি এবং পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকার পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম হেরোইন, পাঁচটি নজরদারি ক্যামেরা, দুটি মুঠোফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

উপ-পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top